দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান মেডিকেল শিক্ষার্থীদের প্রতি জুবাইদা রহমানের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় শিক্ষার্থীদের প্রশংসা করেন।

তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের অন্যতম মেধাবী। তবে একজন চিকিৎসকের প্রকৃত সার্থকতা কেবল মেধায় নয়, বরং মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করার মধ্যেই নিহিত।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে গেলেও নতুন প্রজন্মের চিকিৎসকরা দেশে ফিরে এসে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।

বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৮৩। একজন চিকিৎসককে গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর চিকিৎসাসেবা দিতে হয়। গ্রামাঞ্চলে এ সংকট আরও প্রকট। এছাড়া দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও প্রায় ৭৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। নার্সের সংখ্যাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় কম।

তিনি বলেন, সরকারি চিকিৎসকের স্বল্পতার কারণে চিকিৎসা ব্যয় এখনও অনেক পরিবারের জন্য বড় আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাজীবন থেকেই দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী, অন্তঃসত্ত্বা মা বা নবজাতক প্রতিরোধযোগ্য কারণে প্রাণ হারাবে না। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মের চিকিৎসকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft