
কওমি ধারার কয়েকটি ইসলামি রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, আপাতত জোট ছাড়ার বা নতুন রাজনৈতিক জোট গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি।
সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি দলকে নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি এবং হেফাজতের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
সভা শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, কওমি ধারার সাতটি দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, নির্বাচনের আগে কওমি ধারার দলগুলোকে এক করার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক বাস্তবতায় তা সম্ভব হয়নি। বর্তমানে দলগুলো আবারও একসঙ্গে বসার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে।
এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কওমি ধারার দলগুলো নিজেদের মধ্যে আলোচনা হওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা স্পষ্ট করেছেন, এখনই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় ঐক্যের মূল প্রেক্ষাপট ছিল নির্বাচনী সমঝোতা। বর্তমানে সংসদ ও রাজপথে বিভিন্ন ইস্যুতে শরিক দলগুলো একসঙ্গেই কাজ করছে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের যৌথ কর্মসূচি অব্যাহত রয়েছে এবং বিভাগীয় সমাবেশগুলোতেও সব শরিক দলের অংশগ্রহণ রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতের উদ্যোগে কওমি ধারার দলগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে এর সঙ্গে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য একটি রাজনৈতিক সমঝোতা। সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নসহ জাতীয় রাজনৈতিক কর্মসূচিতে শরিক দলগুলো আগের মতোই একসঙ্গে কাজ করবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহারও বলেন, ১১ দলীয় রাজনৈতিক ঐক্য তার নিজস্ব অবস্থানেই রয়েছে। ভবিষ্যতের বিষয়ে সময়ই সিদ্ধান্ত দেবে, তবে জাতীয় বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ কর্মসূচি অব্যাহত থাকবে।
জ/উ