প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম আপডেট: ২৩.০৭.২০২৬ ৫:৪০ পিএম

পর্তুগাল জাতীয় দলের হয়ে দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা।
গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও এ বিষয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বা রোনালদোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, আপাতত দলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেই।
দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই সবাই বড় পরিবর্তনের আশা করেন। তবে বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ নেই এবং তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে চান না, যা দলের ভারসাম্য নষ্ট করবে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।
দলগত সাফল্যেও সমান উজ্জ্বল রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৭৬ গোল করা এই ফরোয়ার্ডের সামনে এখন এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্য রয়েছে। সূত্র: গোলডটকম
জ/উ