প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৫ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার (২২ জুলাই) সকাল থেকে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী প্রবেশ ও ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখার ঘোষণা দেয়।
বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট, প্যাটেল চক, লোক কল্যাণ মার্গ, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম।
তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধুমাত্র ইন্টারচেঞ্জ বা ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমআরসি।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচির কারণে কয়েক দিন ধরে মধ্য দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। হাজারো আন্দোলনকারী রাজপথে অবস্থান নেওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, আন্দোলনের প্রথম দিন গত সোমবারও নিরাপত্তার স্বার্থে দিল্লির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সূত্র: এনডিটিভি
জ/উ