নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম

বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, উন্নয়নমূলক কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার (২২ জুলাই) সকালে নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার প্রতি আস্থা ও বিশ্বাস ধরে রাখতে দায়িত্বশীলতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নন। তার নিজের কাজেও কোনো ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও নৈতিকতার ভিত্তিতে। ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।

পিআইবি জানায়, কর্মশালার মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার কার্যকর ও নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষ করে তোলা। পাশাপাশি এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা সম্পর্কেও অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। আগামী ২৪ জুলাই সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft