প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম

ফিফা বিশ্বকাপ ফাইনালের বাকি আর এক দিন। ফাইনালের আগে হয়ে গেল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এই উপলক্ষে ফিফা ফ্যানাটিকস ফেস্ট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে দুই ফাইনালিস্ট দলের তিনজন করে সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে নিয়ে ম্যাচের আগে কথা বলেন লিওনেল মেসি।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলার আগে আশ্বস্ত করে লিওনেল মেসি বলেন, ‘আমরা কখনোই চাপ নিয়ে ভাবি না। এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়। আমরা খেলতে, উপভোগ করতে এবং জিততে চাই। তবে এটা দলগত খেলা, প্রতিপক্ষও খেলে, তাই সব সময় জেতা সম্ভব নয়।’ খবর টিওয়াইসি স্পোর্টস
ফিফার ফ্যানাটিকস ফেস্ট অনুষ্ঠানে এই মন্তব্য করেন আর্জেন্টিনার অধিনায়ক। এসময় তার সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
তিনি বলেন, ‘আমরা একটি প্রতিযোগিতাপূর্ণ দল, আমরা জিততে পছন্দ করি। কিন্তু এটা একটা দলীয় খেলা, প্রতিপক্ষও খেলে এবং আপনি সব সময় জিততে পারবেন, তা এমন নয়। ছোটবেলায় আমি শিখেছি জেতার চেয়ে হারতেই বেশি হয় এবং এটাই একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে বিকশিত করেছে।’
এই দলের সদস্যরা পাড়া বা রাস্তায় আবেগ ও আনন্দের সঙ্গে ফুটবল খেলে বড় হয়েছে।
তাই তারা কেবল নিজেদের উপভোগের কথা ভেবেই প্রতিযোগিতার মুখোমুখি হয় বলে জানান এই আর্জেন্টাইন মহাতারকা।
আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। আর স্পেন চাইবে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে।