প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৪৪ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮তম বারের মতো পেছাল। আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছেন।
বুধবার (২২ জুলাই) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান।
এদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক হয়েছেন। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত-সংশ্লিষ্ট বিষয়ে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।
পরে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তে অগ্রগতির কথা উল্লেখ করে অতিরিক্ত সময়ের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন।
পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ২৩ অক্টোবর হাইকোর্ট বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় দেন।
জ/উ