প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন সুযোগ পেলে টালিউডে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন। সম্প্রতি ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
পুরস্কার গ্রহণের পর এক সাংবাদিক জানতে চান, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। জবাবে কাজল জানান, তিনি নিয়মিত বাংলা সিনেমা দেখেন না। তবে ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী।
বাংলা ভাষায় সাবলীল না হলেও এর প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করেন কাজল। পারিবারিকভাবেও বাংলা সংস্কৃতির সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও সমান জনপ্রিয় ছিলেন।
মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
দীর্ঘ অভিনয়জীবনে শাহরুখ খান থেকে সালমান খানসহ বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় করেছেন কাজল। নিজের কাজের প্রতি শৃঙ্খলাবোধের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডে খুব কম মানুষই সময়মতো সেটে আসেন। আমি তাদের একজন। আবার কাজ শেষ হলে নির্ধারিত সময়েই সেট ছাড়ি। এটাই আমার স্বভাব।’
জ/উ