প্রযুক্তিনির্ভর ও টেকসই কৃষি গড়ে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেজ, ডিজিটাল কৃষিসেবা, মোবাইলভিত্তিক আবহাওয়ার তথ্য, বাজারদর, কৃষি পরামর্শ, ই-এক্সটেনশন সেবা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কৃষিসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড বিতরণের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এতে সরকারি সেবা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, উৎপাদন ব্যয় কমানো, শ্রম সংকট মোকাবিলা এবং কৃষিকে আরও লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন, জিপিএস, স্যাটেলাইট তথ্য ও বিগ ডাটার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সার ও সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব হবে।
তিনি বলেন, তথ্যনির্ভর প্রিসিশন অ্যাগ্রিকালচার চালুর মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, কৃষকদের জন্য ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে। এর মাধ্যমে কোন এলাকায় কোন ফসল উপযোগী, প্রয়োজনীয় সার প্রয়োগ এবং আবহাওয়ার পূর্বাভাসসহ বিভিন্ন তথ্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, বায়োফার্টিলাইজার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারেও সরকার কাজ করছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিকে জলবায়ু-সহিষ্ণু ও অভিযোজনক্ষম খাতে উন্নয়নের কার্যক্রমও চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি আরও উৎপাদনশীল, প্রযুক্তিনির্ভর ও টেকসই হয়ে উঠবে এবং জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জ/উ