প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যের শাটল বাস সেবা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
বেবিচকের অর্থায়নে পরিচালিত এ শাটল সার্ভিস বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এর মাধ্যমে যাত্রীরা এসব গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানান, প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ সেবা বিশেষভাবে উপকারী হবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেও এ উদ্যোগ সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বিনামূল্যের এ শাটল সার্ভিস যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল ও উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’-এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
জ/উ