প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:২৬ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশে তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তুর্কি প্রতিনিধি দল মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয়।
রাষ্ট্রদূত রামিস শেন বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশে তুর্কি বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি সরবরাহে তুরস্কের আরও বেশি বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং এ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকের শেষে রাষ্ট্রদূত রামিস শেন মন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।
জ/উ