প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ডধারী সার ডিলার সমিতির পূর্ববর্তী তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় চাঁচকৈড় শিক্ষা সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. শফি মাস্টার।
সদস্যদের সম্মতিক্রমে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু সাঈদ (সালাম), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক মো. আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের নেতা মো. আব্দুল আলিম প্রামাণিক, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক এবং খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।
এ সময় সমিতির সদস্য শহিন রেজা, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, আনিছুর রহমান, হাফিজ উদ্দিন, রিপন আহামেদ, রব্বেল হোসেন, নয়ন কুমার বণিকসহ উপজেলার সকল খুচরা কার্ডধারী সার ডিলার উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, খুচরা কার্ডধারী সার ডিলারদের সকল সমস্যা সমাধান, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষকদের হাতে সরকারি নির্ধারিত মূল্যে সময়মতো সার পৌঁছে দেওয়াই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।
তারা বলেন, "কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ"—এই প্রত্যয়কে ধারণ করে নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজের সহযোগিতা এবং সমিতির সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও বৈষম্যহীন একটি সংগঠনে পরিণত করা হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও বলেন, সমিতির সদস্যরা যে আস্থা ও দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে কৃষক ও সার ডিলারদের স্বার্থ সংরক্ষণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।