প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বাহিনীর আধুনিকায়নে সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুই দেশের অবদান এবং ভবিষ্যতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অন্যদিকে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জ/উ