প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৩১ পিএম

নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত সুপারিশ নিয়ে দুই দিনব্যাপী অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনার মাধ্যমে মূল্যায়ন করা হবে। সেগুলোর ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। চলমান সংলাপ থেকে নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, গণতন্ত্রের বিকাশ একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন-পরবর্তী মূল্যায়ন এবং অংশীজনদের সুপারিশ কমিশনের ভবিষ্যৎ কার্যক্রমে সহায়ক হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইইউ ইতোমধ্যে ১৯টি সুপারিশ দিয়েছে। এ সংলাপের মাধ্যমে আরও কিছু সুপারিশ উঠে আসতে পারে, যা অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের সুযোগ রয়েছে। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে স্থানীয় পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। দুদিনের এ সংলাপে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
জ/উ