‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট এবং ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর লোগো উন্মোচন করেন। উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও এ দেশের মানুষের হৃদয়ে তিনি গভীরভাবে স্থান করে নিয়েছেন। তার সাহিত্য, কবিতা ও সংগীত আজও মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহস ও প্রেরণা জোগায়।

তিনি বলেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে গুরুত্ব দিয়ে ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার কবিতা ও গান অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন ও কর্মকে আরও পরিচিত ও প্রাসঙ্গিক করে তুলতেই বছরব্যাপী এ আয়োজন নেওয়া হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেয়। এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft