১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমানও সফরে উপস্থিত থাকবেন। এ সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং রাজধানীর প্রধান এই হাসপাতালের সেবার পরিবেশ আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং সবার সহযোগিতায় ডেঙ্গু মোকাবিলা সম্ভব। জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে উল্লেখ করে তিনি জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা জোরদার করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও আধুনিক ও নির্ভুল করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft