আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে সেতুবন্ধন: রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। সরকার সংবিধানের আলোকে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করছে। বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইন সাংবাদিক ও সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর করা সম্ভব হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আইন সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় জনগণের সামনে তুলে ধরছেন। পাশাপাশি সহজ ভাষায় আইন বিষয়ে জনসচেতনতা তৈরিতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ সময় তিনি আইন সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। এর আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft