প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে সফল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণ উপকৃত হবে। পাশাপাশি তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, টেকসই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহযোগিতা দিতে চীন আগ্রহী। তিনি জানান, অতীতে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই নিয়ে চীনা কোম্পানির সঙ্গে আলোচনা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নয়নেও সহযোগিতা দিতে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক প্রতিশ্রুতি এসেছে।
রাষ্ট্রদূত জানান, সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সামরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এতে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রতি চীনের সমর্থন অব্যাহত রয়েছে। একই সঙ্গে ব্রিকসে বাংলাদেশের সদস্যপদে চীন সমর্থন দেবে বলেও জানান তিনি।
জ/উ