প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:০৫ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাস্তবসম্মত বাজেট বরাদ্দ প্রয়োজন। তিনি বলেন, বিচার বিভাগকে কার্যকর রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট আলোচনা চলাকালে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের দাবি উত্থাপন করেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন সংসদ সদস্য বিচার বিভাগের স্বাধীনতা, মামলাজট, বিচারক সংকট ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের কার্যক্রম পরিচালনায় বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজনীয়তা থাকলেও বর্তমান বাস্তবতায় সরকার ধাপে ধাপে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে সরকার কাজ করছে।
সংসদ সদস্যদের বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের কার্যক্রম অব্যাহত রাখতে সুসংগঠিত ও কার্যকর বাজেট কাঠামো অপরিহার্য।
আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা মামলাজট নিরসন, বিচারক নিয়োগ বৃদ্ধি, পেপারলেস জুডিশিয়ারি চালু এবং বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জ/উ