প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:০৭ পিএম

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই এবং সঠিক মানুষ পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী বলেন, সম্পর্কের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান ও মানসিক শান্তি।
এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই বিষয়টি আবারও নাকচ করে দিয়ে তিনি বলেন, “ইয়াশ খুব ভালো বন্ধু। বিষয়টি আমি অনেকবার বলেছি। যদি সত্যিই কোনো সম্পর্ক থাকত, তাহলে সেটা আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এ নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই সবাই নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।”
ভবিষ্যতে কেমন জীবনসঙ্গী চান-এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, “বিয়ে করব তখনই, যখন সঠিক মানুষ পাব। যে আমাকে সম্মান করবে, আমার পরিবার ও পেশাকে ভালোবাসবে এবং আমাকে ভালো রাখতে পারবে।”
তিনি আরও বলেন, “শুধু ভালোবাসা থাকলেই হয় না, একজন মানুষ দিনশেষে আপনাকে কতটা ভালো রাখতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। সম্মান ছাড়া কোনো সম্পর্কেই শান্তি থাকে না।”
বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পির নির্মাণে খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘সুতরাং’ নাটকটিও দর্শকমহলে প্রশংসা পাচ্ছে।
জ/ই