প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় মেয়েদের উদ্দেশে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা বলেন, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো উচিত নয়। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে মানসিক কষ্ট ও জটিলতার কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওবার্তায় তিনি বলেন, অনেক সময় কিছু ব্যক্তি সংসারে অশান্তির কথা বলে অন্য কারও সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তবে এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
প্রভা বলেন, “যতই কেউ বলুক- সংসারে সমস্যা চলছে বা বিভিন্ন কারণে সম্পর্ক টিকিয়ে রাখতে হচ্ছে- এসব শুনে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, অতীতে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, কোনো সম্পর্কের বিষয়ে ভাবার আগে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত জটিলতা সমাধান হওয়া জরুরি।
অভিনেত্রীর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার খোলামেলা মতামতকে ইতিবাচকভাবে দেখছেন।
জ/উ