প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার অপরাধ এবং প্রযুক্তিনির্ভর প্রতারণার বিরুদ্ধে তিন প্রবীণের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দাদী ভয়ঙ্কর’। নির্মাতা রাহাত কবির নাটকটিতে প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক-দুই দিকই তুলে ধরেছেন পারিবারিক আবহে।
নাটকটির কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছেন দেশের কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী।
নির্মাতা জানান, নাটকে দিলারা জামান অভিনীত ‘দাদী’ চরিত্রটি আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান। তাকে প্রযুক্তির নানা বিষয় শেখাতে সাহায্য করে তার প্রিয় নাতি জায়ান, যে চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। দাদী-নাতির সম্পর্কটি বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে।
গল্পে দেখা যায়, জায়ানের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হন দাদী। ফেসবুক ব্যবহার করতে গিয়ে তিনি খুঁজে পান স্কুলজীবনের পুরোনো এক বন্ধুকে, যার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত।
তবে একসময় একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে জীবনের সব সঞ্চয় হারান তিনি। এরপর ভেঙে না পড়ে নিজের দুই পুরোনো বন্ধু-আবুল হায়াত ও ডলি জহুরকে সঙ্গে নিয়ে প্রতারকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সেই দুঃসাহসিক অভিযানের গল্প নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি।
বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। চূড়ান্ত সম্পাদনা শেষে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। নাটকটি শিগগিরই ‘এসআরকে টিভি’ ও ‘এসআরকে টিভি প্লাস’ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।
জ/উ