গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, বিদায় উরুগুয়ের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৩৩ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন অ্যালেক্স বায়েনা। শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। একের পর এক আক্রমণে উরুগুয়ের রক্ষণভাগকে চাপে রাখলেও প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিল না ইউরো চ্যাম্পিয়নরা।

অবশেষে প্রথমার্ধের ৪২তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন বায়েনা। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন তিনি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বল ঠেকালেও সেটি হাত ফসকে জড়িয়ে যায় জালে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। বিরতির পর মুসলেরার বদলে মাঠে নামেন সের্হিও রোচেত। তবে আক্রমণের গতি বাড়িয়েও স্পেনের রক্ষণভাগ ভাঙতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। অন্যদিকে স্পেনও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।

ম্যাচের ৭৬তম মিনিটে দলে পরিবর্তন আনেন স্প্যানিশ কোচ। লামিন ইয়ামাল ও মিকেল অইয়ারসাবালের জায়গায় মাঠে নামেন ফেরান তোরেস ও নিকো উইলিয়ামস।

যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। কঠোর ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তার আচরণ অতিরিক্ত শাস্তির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘জে’ গ্রুপের রানার্সআপ দল—অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। আগামী ২ জুলাই নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে স্পেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft