প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:০৬ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মিশর। এই ফলেই গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।
অন্যদিকে, গ্রুপে তৃতীয় হওয়া ইরানের ভাগ্য এখন নির্ভর করছে তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সার্বিক র্যাঙ্কিংয়ের ওপর। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। তার ফলও আসে দ্রুত। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মাহমুদ সাবের। বিশ্বকাপ ইতিহাসে এটি মিশরের দ্রুততম গোল।
গোল হজমের পর ম্যাচে ফেরার সুযোগ পায় ইরান। কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি আদায় করলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী তারেমি। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবে দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। ম্যাচের ১৪তম মিনিটে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। মিলাদ মোহাম্মদীর শট প্রথমে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি শোবে। ফিরতি বলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন রামিন।
বিরতির আগে উভয় দলই কয়েকটি আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে দুই দলের ফরোয়ার্ডরাই শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।
ইনজুরি সময়ের শেষ দিকে ইরান বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ে মিশর সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করলেও ইরানকে এখন অপেক্ষা করতে হবে তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সামগ্রিক অবস্থান চূড়ান্ত হওয়া পর্যন্ত।
জ/উ