প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৫৮ এএম

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলের সঙ্গে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সেলেমেকার্সের গোলেই বড় জয় পায় ইউরোপের দলটি।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় বেলজিয়াম। একের পর এক সুযোগ তৈরি করলেও শুরুতে গোলের দেখা পাচ্ছিল না দলটি। এর মধ্যে কয়েকটি সহজ সুযোগও নষ্ট করেন বেলজিয়ান ফরোয়ার্ডরা।
অবশেষে ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন লিয়ান্দ্রো ত্রোসার। এই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইউরোপের দলটি। বিরতির তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন ত্রোসার। কেভিন ডি ব্রুইনার পাস থেকে হান্স ফানাকানের বাড়ানো বল প্রথম শটে ঠেকালেও ফিরতি বলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বেলজিয়াম। ৬৬তম মিনিটে গোল করেন ডি ব্রুইনা। পরে রোমেলু লুকাকুও নাম লেখান স্কোরশিটে। মাঝে নিউজিল্যান্ডের হয়ে একটি গোল শোধ দেন এলিজা জাস্ট।
তবে যোগ করা সময়ে অ্যালেক্সিস সেলেমেকার্স আরও একটি গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। আর নিউজিল্যান্ডকে শেষ করতে হয়েছে বিশ্বকাপ অভিযান।
জ/উ