প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম

তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐকমত্য হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রী তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লি গুয়িং বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফর দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর করেছে। তিনি উল্লেখ করেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা গবেষণানির্ভর ও বাস্তবভিত্তিক।
প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে চীনের পানিসম্পদ মন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ