প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:২৮ এএম

চলমান বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের মতোই তারকাদের মধ্যেও বাড়ছে উন্মাদনা। আর্জেন্টিনা সমর্থক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এবার ফুটবল আবেগে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন, যার কেন্দ্রবিন্দুতে আছেন লিওনেল মেসি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা কিছু ছবি প্রকাশ করেন পূর্ণিমা। সেখানে তিনি জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছেন, তবে মেসির অসাধারণ নৈপুণ্য ও ব্যক্তিত্বের কারণে দলটির প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়েছে।
তিনি বলেন, মেসির কারণেই আর্জেন্টিনা দল তার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। একজন খেলোয়াড়কে ঘিরে গড়ে ওঠা ভালোবাসা কীভাবে পুরো একটি দলের প্রতি অকৃত্রিম সমর্থনে রূপ নেয়-তার অনুভূতিতে সেটাই প্রতিফলিত হয়েছে।
বর্তমানে কাজের ব্যস্ততা কিছুটা কম থাকায় ফুটবল বিশ্বকাপ নিয়েই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। শৈশব থেকেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত পূর্ণিমা সামাজিক মাধ্যমে খেলা দেখা, উদযাপন এবং ব্যক্তিগত আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
পোস্টে দেখা যায়, কোথাও তিনি রেস্তোরাঁয় বসে টেলিভিশনে খেলা উপভোগ করছেন, আবার কোথাও প্রিয় দলের জয়ের পর আনন্দ উদযাপন করছেন কেক ও ফুল নিয়ে।
আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর তার এই পোস্টগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের মতে, তারকা পরিচয়ের বাইরে একজন সাধারণ ফুটবলপ্রেমীর আবেগই ফুটে উঠেছে তার এই প্রকাশে, যার কেন্দ্রে রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
জ/উ