প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০০ পিএম

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সংসদীয় সহযোগিতা আরও জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে দেশটির প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মিল্টন ডিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মিল্টন ডিক চলতি বছরের এপ্রিলে তার ঢাকা সফরকালে পাওয়া উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া দুই দেশের সংসদীয় দলগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সর্বোত্তম গণতান্ত্রিক চর্চা ভাগাভাগির মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠক বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন, যা ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জ/উ