প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৭ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে বড় পরিবর্তন আনা পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকা।
পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালে উদ্বোধনের পর ওই বছর ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন সেতু পার হয়। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
২০২৩ সালে যানবাহন চলাচল বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে, টোল আদায় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।
২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন সেতু অতিক্রম করে। ওই বছর টোল আদায়ও সর্বোচ্চ ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকায় পৌঁছে। চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সব মিলিয়ে ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে মোট টোল আদায় দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর ফলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি এসেছে। সহজ যোগাযোগের কারণে সেতু ব্যবহারকারী যানবাহনের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষা ও নির্মাণকাজ শেষে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
জ/উ