প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৪০ পিএম

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য নানা চাপে থাকায় আগামী দুই বছর দেশকে কঠিন সময় পার করতে হবে।
সোমবার (২২ জুন) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহযোগিতায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত প্রস্তাবিত বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আমি আগেভাগেই বলছি, আগামী দুই বছর কঠিন যাবে। সবাইকে কষ্ট করতে হবে। তবে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সরকার নীতিগত ও সহায়তামূলক পদক্ষেপ নেবে।”
তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে। “আমি বলতে চাই না যে আগামীকাল সকালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই খারাপ অর্থনীতি থেকে স্থিতিশীলতায় ফিরতে অন্তত দুই বছর লাগবে।”
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃতীয় বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
পুঁজিবাজার নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, পুঁজিবাজারের আস্থা পুনর্গঠনে দুই বছরের একটি “কুশন” প্রয়োজন। এ সময়ের মধ্যে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশি-বিদেশি বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে।
তিনি জানান, বাজারে আস্থা ফেরাতে একটি স্বাধীন ও পেশাদার কমিশন গঠন করা হয়েছে, যারা আইন সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসা-বাণিজ্যে জটিলতা কমাতে সরকার “ডিরেগুলেশন” বা বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে নানা বাধা আসছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “যারা এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করবে, তাদের সরে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া হবে। দেশের মানুষ এখন একটি সত্যিকারের মুক্ত অর্থনৈতিক পরিবেশ চায়।”
আয়কর কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন ও সীমিত আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে আগের ৫ শতাংশ করহার বহাল রাখা উচিত ছিল বলে তার ব্যক্তিগত মত রয়েছে।
জ/উ