প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০৫ পিএম

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ এবার হাজির হয়েছেন ভিন্ন এক আয়োজনে। মডেলিং, নৃত্য ও অভিনয়ের বাইরে এবার প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন তিনি।
নতুন সংগীতায়োজনে নির্মিত হয়েছে তার বাবা, সংগীতশিল্পী সাইফুল ইসলামের জনপ্রিয় গান ‘সোনার কাঠি রুপোর কাঠি’। সেই গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌয়ের কণ্ঠে কবিতা আবৃত্তি। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। মৌয়ের জন্মদিন ও বাবা দিবস উপলক্ষে গতকাল গানটি প্রকাশ করা হয়।
নয়ীম গহরের লেখা এবং আনোয়ার পারভেজের সুরে তৈরি কালজয়ী এ গানটিকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপন করা হয়েছে। গানটির সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনা করেছেন তুষার।
মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেল, বিপ্লব সাহার ইউটিউব চ্যানেল এবং বিশ্বরঙের ফেসবুক পেজে।
উল্লেখ্য, সাদিয়া ইসলাম মৌ অভিনীত সর্বশেষ ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ গত ঈদে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এ থ্রিলারধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেন আকা রেজা গালিব। এতে ‘সারা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মৌ।
জ/উ