প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:২৯ পিএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, জেসমিনের বাবার দায়ের করা মামলায় স্বামী আল আমিন, তার বড় ভাই এবং ভাইয়ের স্ত্রীকে আসামি করা হয়েছে। এর মধ্যে আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত আনুমানিক ৯টার দিকে জেসমিন তার বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের বিষয়ে অভিযোগ করেন। পরিবারের দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
পরে একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের একটি বাসা থেকে জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বামী আল আমিনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। প্রায় সাত বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে হাত ও গলায় আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তীতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনা নাকি অন্য কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে যৌতুকের অভিযোগ আনা হয়েছে, বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি