নারী কর্মীদের নিরাপদ যাতায়াত ও কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালুর প্রস্তাব দিয়েছে সরকার। সম্পূর্ণ নারী চালক দ্বারা পরিচালিত এবং নারীর ব্যবস্থাপনায় এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নারী শ্রমিক ও কর্মজীবীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কর্মক্ষেত্রে যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, পিংক বাস সার্ভিস চালু হলে নারী কর্মীদের যাতায়াত আরও নিরাপদ, সহজ ও স্বস্তিদায়ক হবে বলে সরকার আশা করছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যোগ্য তরুণ-তরুণী ও শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া শ্রমিকদের আইনি সুরক্ষা জোরদারে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’ ইতোমধ্যে জারি করা হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি শিশুশ্রম নিরসনের লক্ষ্যে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালু হলে স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তির কর্মসংস্থান প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।
জ/দি