প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৫২ পিএম

জেলার মুকসুদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে আরও ২৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।নিহতরা হলেন পটুয়াখালী জেলার অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার কালাম (৩০)।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দিলে পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের অপর একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের কমপক্ষে ২৭ যাত্রী আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় উদ্ধারকাজ পরিচালিত হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ভাংগা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর সোহেল খান।
এদিকে গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কের উপর ইজিবাইকের চাপায় সোলায়মান (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সোলায়মান পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র। সে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উ'দ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সোলাইমান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
জ/দি