প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:০৫ পিএম

বর্তমান ব্যস্ত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে অনেকেরই পেটে দ্রুত চর্বি জমছে। চিকিৎসকদের মতে, শুধু অতিরিক্ত খাবার নয়, দৈনন্দিন কিছু সাধারণ অভ্যাসও পেটের মেদ বাড়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। এই বাড়তি চর্বি ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় বসে কাজ করা পেটে মেদ জমার অন্যতম কারণ। যারা নিয়মিত হাঁটাচলা বা শরীরচর্চা করেন না, তাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমতে থাকে। এছাড়া রাতে দেরিতে ঘুমানো ও পর্যাপ্ত ঘুমের অভাবও বিপাকক্রিয়াকে ধীর করে দেয়, ফলে পেটে চর্বি বাড়ে।
অতিরিক্ত ফাস্টফুড, কোমল পানীয় ও চিনি–জাতীয় খাবার খাওয়ার অভ্যাসও পেটের মেদ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। বিশেষ করে ভাজাপোড়া ও শর্করাযুক্ত খাবার বেশি খেলে শরীরে চর্বি দ্রুত জমে। স্বাস্থ্যবিদরা বলছেন, ক্ষুধা পেলেই জাঙ্কফুড খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা জরুরি।
অনেকেই কাজের চাপে দিনের বেশিরভাগ সময় বসে থাকেন। আবার কেউ কেউ মানসিক চাপ কমাতে অতিরিক্ত খাবার খান। এই অভ্যাসগুলোও ওজন বাড়ানোর পাশাপাশি তলপেটে মেদ জমায়। বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা চর্বি জমাকে ত্বরান্বিত করে।
চিকিৎসকদের পরামর্শ, পেটের চর্বি কমাতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ধূমপান ও অতিরিক্ত কোমল পানীয় এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা।
জ/উ