প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজ কক্ষে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে গুনে পকেটে ভরছেন তহসিলদার মফিজুল।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি ও খাজনা আদায়ের মতো সাধারণ সেবার জন্যও এখানে প্রকাশ্যে হাজার হাজার টাকা ঘুষ নেওয়া হয়। টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না।
মো. আলিমুদ্দীন নামের এক সেবাগ্রহীতা জানান, দুটি দলিলের খারিজের জন্য তার কাছ থেকে জোরপূর্বক ৯ হাজার টাকা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন বলেন, আমরা এটা তদন্ত করেছি এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে একটি রিপোর্ট রেডি করছি। সত্যতা যাচাই করে রিপোর্টটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, এরপর তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।