গুরুদাসপুরে ভোরে ধারাবাহিক ছিনতাই, আতঙ্কে জনজীবন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:৪৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে ভোরে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে পৌরসদরের খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে একই কায়দায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচঁকৈড় তালুকদার পাড়ার মো. আনছু প্রামানিক ও জাহের শাহ ভোরে ভ্যানযোগে নয়াবাজার হাটে রসুন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মুখে গামছা পেঁচানো একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র (চাপাতি) ঠেকিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

একই স্থানে চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিন ফজরের আযান ও নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে একই কায়দায় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

আরও পড়ুন : নিরাপত্তাহীনতা-গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স

এছাড়া ফজরের নামাজের পর স্থানীয় এক মধ্যবয়সী নারী হাঁটতে বের হলে রোকেয়া মোড় এলাকায় তার গলায় চাপাতি ঠেকিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানান এলাকাবাসী। এর মধ্যে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, একই বাড়ি থেকে ছয়টি গরু চুরি, মহিলা কলেজের দুই শিক্ষকের নামে পোস্ট অফিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠানো, পুলিশের এক এসআইকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, আনসার ভিডিপি ও ভূমি অফিসের ল্যাপটপ চুরি এবং গত ২ মে সরকারি কোয়ার্টারে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনাও ঘটেছে।

এ ধরনের ধারাবাহিক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : লাবণী পয়েন্ট থেকে নারীর লাশ উদ্ধার

এ প্রেক্ষিতে ৫ মে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “পুলিশ নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং মাঠে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।” 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft