প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:০৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরানো এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পুড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকার আশীষ চন্দ্র শীল (২৬) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পুড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪)কে মাদক ও নগদ অর্থসহ আটক করা হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরই সংঘবদ্ধভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজন আহত হন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খান বলেন, অভিযান চলাকালে দুইজনকে আটক করা হয়। একজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিকে হ্যান্ডকাফ পরানোর পর সংঘবদ্ধ একটি চক্র হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জ/দি