প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৪১ পিএম

জুয়া, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। মঙ্গলবার (০৫ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক কারবারির সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যেকোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। তিনি আরও বলেন, নবীনগরকে মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ামুক্ত করতে ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হচ্ছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, একটি সামাজিক আন্দোলন। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সবাই কাজ করছে। এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কোনো প্রভাবশালী মহলের চাপে আইন প্রয়োগে শিথিলতা না দেখানোর নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমাম হাসান বাতেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক ধন মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মামুন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক মিয়া, উপজেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ সেলিম। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদক সমস্যার বিভিন্ন দিক ও করণীয় তুলে ধরেন।
জ/দি