কামরুল-মেননের অভিযোগ গঠনের আদেশ আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২১ এএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অপর সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ৯ এপ্রিল এ আদেশ হওয়ার কথা ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দিনটি পিছিয়ে আজ নির্ধারণ করা হয়। সবমিলিয়ে এই দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ পিছিয়েছে দুবার। 

এর আগে ১১ মার্চ কামরুল ও মেননের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, তার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো প্রমাণ হাজির করতে পারেনি। কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণও দেখাতে পারেনি। এ কারণে তাদের অব্যাহতি চান তিনি।

আরও পড়ুন : দুই মামলায় আইভীর জামিন

গত ২ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।

রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ এ মামলায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft