প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:১৫ এএম

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ।
বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচার কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপক্ষ মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করবে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হলে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ায় আরও অগ্রসর হবে।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং এএসআই জসিম উদ্দিন। অপরদিকে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন।
এর আগে গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন নির্ধারণ করা হয়।
মামলার ভুক্তভোগী দুই ব্যক্তি হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা রাজনৈতিকভাবে আবুল হাসানাত আবদুল্লাহর প্রতিপক্ষ ছিলেন। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ষড়যন্ত্র বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি অনুযায়ী, ওই পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও কবির মোল্লাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ ঘটনায় তারা নিহত হন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য আদালতের বিচারিক প্রক্রিয়ায় উপস্থাপিত হবে। মামলার অভিযোগগুলো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।
জ/উ