বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রাজিলিয়ান তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম

অবশেষে শঙ্কাই সত্য হলো। গুরুতর উরুর চোটের কারণে ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাও আসন্ন জুনের ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদের এই তারকাকে জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে। খবর গোল ডট কমের

চোটের অবস্থা নিশ্চিত করতে মিলিতাও ফিনল্যান্ডের তুরকু শহরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। সেখানে পরীক্ষায় তার বাম উরুর টেনডনে গুরুতর চোট ধরা পড়ে, যা পুরোপুরি ছিঁড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। ক্যারিয়ার রক্ষার কথা চিন্তা করে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

এই ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। ধারণা করা হচ্ছে, অন্তত অক্টোবরের আগে তার ফেরা সম্ভব নয়। ফলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার সুযোগ হারালেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্যের পদত্যাগ

মিলিতাওয়ের চোট স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলটি আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছে। আক্রমণভাগের তারকা রদ্রিগো, মিডফিল্ডার আরদা গুলের এবং গোলরক্ষক থিবো কর্তোয়া-সবাই চোটের কারণে বাইরে রয়েছেন।

লা লিগার শিরোপা লড়াইয়ে পিছিয়ে থাকা মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, মিলিতাওয়ের বাম পায়ের বাইসেপস ফেমোরিস টেনডনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

চোট মিলিতাওয়ের জন্য নতুন কিছু নয়। সবশেষ কাতার বিশ্বকাপের পর থেকে তিনি মোট নয়বার ইনজুরিতে পড়েছেন এবং তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এর ফলে তার ক্যারিয়ারের দীর্ঘ সময়, প্রায় ৬০০ দিনেরও বেশি মাঠের বাইরে কেটেছে।

সম্প্রতি লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে তিনি এই চোট পান। শুরুতে সতর্কতার জন্য তাকে বদলি করা হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় চোট গুরুতর বলে ধরা পড়ে। শেষ পর্যন্ত ফিনল্যান্ডে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারই একমাত্র সমাধান হিসেবে বিবেচিত হয়। এখন তাকে প্রায় পাঁচ মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft