প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:১৩ পিএম

মাদ্রিদের জমকালো আয়োজনে অনুষ্ঠিত লরিয়াস বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে এবার টেনিসের দাপট ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন যথাক্রমে কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও শিরোপা জেতেন আলকারাজ। অন্যদিকে, শীর্ষ র্যাংকিংধারী সাবালেঙ্কা গত মৌসুমে ইউএস ওপেনে টানা সাফল্য ধরে রাখেন।
বর্ষসেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা ঘরোয়া লিগ ও কাপের সঙ্গে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগও ঘরে তুলেছে।
বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। গলফার ররি ম্যাকইলরয় পেয়েছেন কামব্যাক অব দ্য ইয়ার পুরস্কার, আর ফর্মুলা ওয়ান তারকা ল্যান্ডো নরিস পেয়েছেন ব্রেকথ্রু অব দ্য ইয়ার সম্মাননা।
এছাড়া টনি ক্রুস পেয়েছেন স্পোর্টিং ইনস্পিরেশন অ্যাওয়ার্ড, আর আজীবন সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানেসকিকে। অ্যাকশন স্পোর্টস বিভাগে পুরস্কার জিতেছেন ক্লো কিম এবং প্যারালিম্পিক ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন গ্যাব্রিয়েল আরাউজো। এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও ফ্রিস্টাইল স্কিয়ার আইলেন গু।
জ/উ