প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:১৪ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি খেয়াল করে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে নদীতে মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে ওই এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছিল না। মরদেহটি উদ্ধারের সময় দেখা যায়, মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে এবং নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে ধারণা করা হচ্ছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
জ/দি