প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে টিকিটধারী যাত্রীদের ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে অন্য জেলার আন্তঃনগর ট্রেনে যারা ঢাকা থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ঢাকা স্টেশনে নিয়মিত যাতায়াত করতেন, তারা ঈদে রআগ পর্যন্ত এ রুটে ভ্রমণ করতে পারবেন না।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, আগামী ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।
বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা রাখা হয়েছে।
নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।
জ/দি