প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম

সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছিল, সেই সংশোধনীকে ঘিরে দায়ের করা আপিলগুলোর ওপর আজ (বৃহস্পতিবার) রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়েছে। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক আপিল দায়ের করেন। জামায়াতের আপিলের সঙ্গে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামে একটি সংগঠনের লিভ টু আপিলও শুনানির জন্য গ্রহণ করা হয়।
গত সোমবার আপিলের শুনানি শুরু হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি শেষে বুধবার যুক্তিতর্ক সম্পন্ন হলে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। পরবর্তীতে এ সংশোধনী নিয়ে আইনি চ্যালেঞ্জের পর হাইকোর্ট রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর ওপরই আজ আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করবেন।
জ/উ