বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই বলেও রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সারোয়ার আলমগীর। তবে তার নির্বাচনী ফলাফল প্রকাশ আপিল বিভাগের আদেশে স্থগিত ছিল।

এর আগে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণ এবং 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে বিজয়ী হলে তার ক্ষেত্রে ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরবর্তীতে ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করা হলে, গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন এবং তার শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে উল্লেখ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft