
রাসুলুল্লাহ (সা.)–এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক গভীর শোক ও অনিশ্চয়তার মুহূর্তে পতিত হয়। নবুয়তের যুগ সমাপ্ত, সামনে রাষ্ট্র ও সমাজ পরিচালনার কঠিন দায়িত্ব। এমন সংকটকালে যিনি নেতৃত্বে এলেন, তিনি ছিলেন ইমান, সততা ও আত্মত্যাগে অগ্রগণ্য-হজরত আবু বকর সিদ্দীক (রা.)। তার খেলাফত গ্রহণ ও প্রথম ভাষণ ইসলামের রাজনৈতিক নৈতিকতার এক উজ্জ্বল দলিল; যেখানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব, জবাবদিহি ও আল্লাহভীতি প্রাধান্য পেয়েছে।
নবীজির অসুস্থতা ও ইমামতির ইঙ্গিত
রাসুলুল্লাহ (সা.)-এর শেষ অসুস্থতার সময় তিনি নামাজে ইমামতির দায়িত্ব আবু বকর (রা.)-কে দেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, একদিন ইশার সময় নবীজি (সা.) তিনবার ওঠার চেষ্টা করেও অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে পেয়ে জিজ্ঞাসা করেন, সাহাবিরা কি নামাজ পড়েছে? বলা হলো-তারা আপনার অপেক্ষায়। তখন তিনি বলেন-
مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ
‘আবু বকরকে বলো, তিনি যেন মানুষদের নিয়ে নামাজ পড়ান।’ (বুখারি ৬৮৭, মুসলিম ৪১৮)
হজরত আয়েশা (রা.) তার কোমল স্বভাবের কথা উল্লেখ করলেও নবীজি (সা.) বারবার একই নির্দেশ দেন। ইসলামী সমাজে ইমামতি কেবল ইবাদতের নেতৃত্ব নয়; এটি ছিল সামগ্রিক নেতৃত্বেরও প্রতীক। অনেক সাহাবি এটিকে ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত হিসেবে উপলব্ধি করেন।
নেতৃত্ব নির্বাচন ও সাহাবিদের ঐকমত্য
রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে কাউকে খলিফা মনোনীত না করে বিষয়টি সাহাবিদের পরামর্শের ওপর ছেড়ে দেন। কুরআন নির্দেশ দেয়-
وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ
‘তাদের কাজ পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।’ (সুরা আশ-শূরা: আয়াত ৩৮)
নবীজি (সা.)-এর ইন্তেকালের পর আলোচনা শুরু হলে আবু বকর (রা.) নিজেই হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) ও আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.)-এর নাম প্রস্তাব করেন; কিন্তু তারা উভয়েই অস্বীকৃতি জানান।
হজরত আবু ওবায়দা (রা.) স্মরণ করিয়ে দেন, হিজরতের সময় সাওর গুহায় তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গী। কুরআনে আল্লাহ বলেন-
إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
‘তিনি তার সঙ্গীকে বললেন- দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ (সুরা আত-তাওবা: আয়াত ৪০)
হজরত ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যাকে নামাজে অগ্রাধিকার দিয়েছেন, তার ওপর কে অগ্রসর হতে পারে?’
অবশেষে হজরত ওমর (রা.) প্রথমে তার হাতে বায়াত করেন, তারপর অন্য সাহাবিরা ও সাধারণ মুসলমানরা একে একে বায়াত দেন। এভাবেই ঐকমত্যের ভিত্তিতে তার খেলাফত প্রতিষ্ঠিত হয়।
খলিফা হিসেবে প্রথম ভাষণ
খলিফা হওয়ার পর হজরত আবু বকর (রা.) যে ভাষণ দেন, তা ইসলামী নেতৃত্বের নীতিমালা নির্ধারণ করে দেয়। তিনি বলেন-
‘হে মানুষ! আমাকে তোমাদের নেতা করা হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। আমি সঠিক থাকলে আমাকে সাহায্য করবে, আর ভুল করলে আমাকে সংশোধন করবে। সত্য আমানত, মিথ্যা খিয়ানত। তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তার হক আদায় করি। আর শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করি। আমি যতক্ষণ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে; আর যদি অবাধ্য হই, তবে আমার আনুগত্য তোমাদের জন্য বাধ্যতামূলক নয়।’
এই ভাষণে তিনটি মৌলিক নীতি সুস্পষ্ট হয়-
১️. নেতৃত্ব মানে সেবা ও জবাবদিহি
২️. ন্যায়বিচার প্রতিষ্ঠা রাষ্ট্রের মূল লক্ষ্য
৩️. শাসকের আনুগত্য আল্লাহর আনুগত্যের শর্তসাপেক্ষ
এটি কুরআনের নির্দেশনার প্রতিফলন-
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ
‘নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও সদাচরণের নির্দেশ দেন।’ (সুরা আন-নাহল: আয়াত ৯০)
আবু বকর (রা.)-এর খেলাফত ও প্রথম ভাষণ প্রমাণ করে- ইসলামে নেতৃত্ব মানে ক্ষমতার আসন নয়; এটি আমানত, জবাবদিহি ও ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব। নবীজির ইমামতির নির্দেশ, সাহাবিদের ঐকমত্য এবং তার বিনয়পূর্ণ ভাষণ- সব মিলিয়ে এটি ইসলামী রাষ্ট্রচিন্তার এক অনন্য অধ্যায়।
তিনি শিখিয়ে গেছেন- শাসক যদি আল্লাহভীরু হন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন এবং জনগণের কাছে জবাবদিহি স্বীকার করেন, তবে সেই নেতৃত্বই কল্যাণকর হয়। আল্লাহ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে হজরত আবু বকর (রা.)-এর সততা, বিনয় ও ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।
জ/উ