প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস বাজার এলাকায় পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ হাজেরা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পূর্ব নওদাবাস গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নওদাবাস বাজারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীনসহ তিনজন পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে চলাচল করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি হাজেরা বেগমকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বিষয়টি আমি জানি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জ/দি