নবীজির (সা.) স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বদর দিবস আজ
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম

দ্বিতীয় হিজরির ১৭ রমজান ইসলামের ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় দিন। ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ মদিনা মুনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থিত বদর নামক স্থানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম বৃহৎ সমর যুদ্ধ- ‘বদর যুদ্ধ’। মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের এ সংঘর্ষ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। বদর প্রান্তরের এই যুদ্ধ মুসলমানদের প্রথম বড় সামরিক মুখোমুখি সংঘর্ষ এবং এর বিজয় মদিনার ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিকে সুদৃঢ় করে।

মহান আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ রমজান সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণকারী এই যুদ্ধ সংঘটিত হয়। মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বদর প্রান্তরে মুসলমানরা অবিশ্বাস্য বিজয় অর্জন করেন। ইতিহাসে এই ঘটনাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত।

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর। ১৭ রমজানের এই প্রেক্ষাপট মুসলিম উম্মাহর কাছে বিশেষভাবে সংরক্ষিত ও স্মরণীয়। সেদিন নবীজি (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি তৎকালীন আধুনিক অস্ত্রে সজ্জিত মক্কার কাফের-মুশরিকদের মোকাবেলায় বদর প্রান্তরে অংশ নেন। মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলিম বাহিনীকে সাহায্য করেন এবং তাদেরকে ঐতিহাসিক বিজয় দান করেন।

আরও পড়ুন : ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আলাউদ্দিন আল আজাদ

তাওহিদের বার্তাবাহক হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলাম ও মুসলমানদের জন্য এটি ছিল প্রথম বড় সামরিক যুদ্ধ। এর আগে মুসলমান ও মুশরিকদের মধ্যে কয়েকটি ছোটখাটো সংঘর্ষ হলেও বদর যুদ্ধই ছিল প্রথম বৃহৎ সংঘর্ষ, যেখানে নবীজির (সা.) নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। এই বিজয়ই ইসলাম প্রতিষ্ঠা ও মদিনা রাষ্ট্রের ভিত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বদর যুদ্ধে মুসলিম বাহিনী অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে যুদ্ধ করেছিলেন। যুদ্ধক্ষেত্রে তারা এমন স্থানে অবস্থান নেন, যেখানে সূর্যের তীব্র আলো সরাসরি তাদের মুখে পড়ছিল। অন্যদিকে কাফেরদের অবস্থান ছিল এমন জায়গায় যেখানে সূর্যের আলো তাদের মুখে পড়ছিল না। মুসলমানদের অবস্থান ছিল বালুময় নরম মাটিতে, যা যুদ্ধের জন্য খুবই অনুপযুক্ত; অথচ কাফেররা অবস্থান নিয়েছিল শক্ত মাটিতে, যা যুদ্ধের জন্য সুবিধাজনক ছিল। এত প্রতিকূলতার মধ্যেও মহান আল্লাহ মুসলিম বাহিনীকে বিজয় দান করেন। এ বিজয় ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।

ইসলামের বিরুদ্ধে বিশাল বাহিনীর মোকাবেলায় ঈমানদারদের একটি ছোট দল সেদিন দৃঢ় সাহস ও বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে যায়। অবিশ্বাসীদের নেতা আবু জেহেলের নেতৃত্বে প্রায় এক হাজার প্রশিক্ষিত ও সুসজ্জিত সৈন্যের বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। মানুষের সাধারণ ধারণার বাইরে গিয়ে মহান আল্লাহ অস্ত্র ও সরঞ্জামে দুর্বল ঈমানদারদের ক্ষুদ্র দলকে বিজয় দান করেন।

আরও পড়ুন : রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

সেদিন নব মুসলিমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন- জয় ও পরাজয় একমাত্র আল্লাহর হাতে। সম্মান ও অপমানও তারই নিয়ন্ত্রণে। বদরের প্রান্তরে সেদিন ঈমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক অনন্য ইতিহাস রচিত হয়েছিল, যা যুগ যুগ ধরে এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। বদর প্রান্তরে মুসলিম বাহিনী একমাত্র আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যুদ্ধ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল শান্তি ও নিরাপত্তার বীজ বপন করা। সংখ্যা, সরঞ্জাম ও সম্পদে পিছিয়ে থেকেও মহান আল্লাহ তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেন।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, ১৬ রমজান মাগরিবের পর তারিখ পরিবর্তিত হয়ে ১৭ রমজান শুরু হয়। সেই রাতে নবীজি (সা.) ও তার সাহাবিরা বদর প্রান্তরের তাঁবুতে অবস্থান করছিলেন। অন্যদিকে কাফেররাও তাদের নিজ নিজ শিবিরে অবস্থান নেয়।

১৭ রমজানের সেই বিশেষ রাতে নবীজি (সা.) গভীর আবেগ ও কান্নায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ইসলামের বিজয়ের জন্য তিনি এভাবে সাহায্য প্রার্থনা করেন-

‘হে আল্লাহ! আগামীকালের সত্য-মিথ্যার এই নীতিনির্ধারণী যুদ্ধে তোমার সাহায্য আমাদের অত্যন্ত প্রয়োজন। তোমার সাহায্য ছাড়া আমরা বিজয় লাভ করতে পারব না। যদি আমরা পরাজিত হই, তাহলে পৃথিবীতে তোমাকে সেজদা করার কিংবা তোমার নাম ধরে ডাকার লোক আর নাও থাকতে পারে। অতএব তুমিই সিদ্ধান্ত নাও, তুমি কী করবে। কারণ তুমিই সকল সিদ্ধান্তের মালিক। আমরা আমাদের জীবন দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা আমাদের জীবন তোমার পথে উৎসর্গ করলাম। বিনিময়ে তোমার দ্বীনকে তোমার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। তুমি আমাদের বিজয় দান করো। আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি।’ (যুরকানি, সিরাতে ইবনে হিশাম)

আরও পড়ুন : রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

অবশেষে মহান আল্লাহ নব মুসলিমদের এই ছোট বাহিনীকে বিজয় দান করেন। নিরস্ত্র মুসলমানরা অস্ত্রে সজ্জিত শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। ঐতিহাসিক এই যুদ্ধে কাফেরদের ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দি হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবি শহীদ হন।

বদর প্রান্তরের এই বিজয় ছিল মুসলমানদের জন্য এক অভাবনীয় ঘটনা এবং মহান আল্লাহর অসীম কুদরতের স্পষ্ট নিদর্শন। তিনি অল্প সংখ্যক মানুষ দিয়েও বড় বিজয় দান করতে সক্ষম। এই বিজয়ের মধ্য দিয়েই ইসলামের অগ্রযাত্রার এক নতুন সূচনা ঘটে। সেই স্মৃতিকে ধারণ করে বিশ্বজুড়ে মুসলমানরা প্রতি বছর ১৭ রমজান পালন করেন ঐতিহাসিক বদর দিবস হিসেবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft